ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- বিএনপির ডাকা রোববারের হরতালকেন্দ্রিক গাড়ি পোড়ানো ও ভাংচুরের ঘটনা প্রতিহত করতে আগের দিন থেকেই মাঠে নেমেছে পুলিশ।
হরতালে পুলিশের করণীয় ঠিক করতে শনিবার ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের এক বিশেষ বৈঠক শেষে পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, বিগত হরতালের আগের দিনগুলোতে গাড়ি পোড়ানো এবং ভাংচুরের ঘটেছে। বিভিন্ন অলিগলিতে বিচ্ছিন্নভাবে হরতাল সমর্থকরা অবস্থান নিয়ে আকস্মিকভাবে এ হামলা চালায়।
“এসব ঘটনা প্রতিহত করতেই এবার হরতালের আগের দিন রাজধানী জুড়ে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।”
বৈঠকের পর দুপুর থেকেই মাঠে নামে পুলিশ। নামানো হয় আর্মড পারসোনাল ক্যারিয়ারসহ (এপিসি) পুলিশের বিশেষ যানগুলোও। সাধারণত হরতালের দিন ভোর থেকে এসব যান নিয়ে পুলিশ মাঠে নামে।
তবে পুলিশের এ বিশেষ প্রস্তুতি সত্ত্বেও হরতালের আগের দিন রাজধানীর গুলিস্তান, আজিমপুর, খিলগাঁও, পুরান ঢাকা ও উত্তরা আজমপুরে পাঁচটি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাসে দগ্ধ হয়ে মারা যান এক চালক।
তিনি জানান, হরতালের দিন রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবে। নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে ওইদিন ভোর থেকে তারা মাঠে থাকবে।
সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে- এমন অভিযোগে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ইলিয়াসকে শিগগিরই পাওয়া না গেলে লাগাতার ধর্মঘটেরও হুমকি দিয়েছে তারা।
মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য কোনো দিন বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে না। অথচ হরতালের আগের দিন ঘটে। এ ঘটনা যেন কম হয় সেজন্যই হরতালের আগের দিন বিশেষ যান নিয়ে পুলিশকে মাঠে নামানো হয়েছে।”
মাসুদুর রহমান জানান, হরতালের নামে কোন বিশৃঙ্খলা হলে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত।
কাঁদানে গ্যাস বহনকারী একটি এপিসিকে দুপুরে সাইরেন বাজিয়ে শাহবাগ এলাকায় টহল দিতে দেখা গেছে। বিএনপি অফিসের সামনেও দেখা যায় একটি এপিসি।
এছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছাড়াও গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গেছে পুলিশকে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি।
এর পরদিন (বুধবার) তার স্বামী ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন দাবি করে তার স্ত্রী তাহসীনা রুশদীর লুনা স্বামীেেক ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।
বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে।
পুলিশ শনিবার পর্যন্ত ইলিয়াস বা তার গাড়িচালকের কোনো খবর দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এলএইচ/আরএ/পিডি/১৯০২ ঘ.
bdnews24