২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে খাগড়াছড়িতে গাড়ি ভাংচুর, আটক ৫

হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীরা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুটি গাড়ি ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 06:39 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

খাগড়াছড়ি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীরা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুটি গাড়ি ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মংলাপাড়া এলাকায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির নেতাকর্মীরা লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়ক অবরোধ করে। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পিকেটাররা দুটি গাড়ি ভাংচুর করে। লক্ষ্মীছড়ি থানার ওসি কামরুল হাসান জানান, দুটি গাড়ি ভাংচুরের খবর তিনি শুনেছেন। তবে কোনো হতাহতের খবর পাননি। এদিকে সকাল ১০টার দিকে উপজেলা সদরে হরতাল সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই শহরের বাংগা ব্রিজ এলাকা থেকে পৌর ছাত্রদলের সহসভাপতি শাহিন, যুবদল কর্মী যুবরাজ, মো. সাদ্দাম ও রফিককে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান। এছাড়া মানিকছড়িতে পিকেটিং করার সময় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন কিশোরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী জানান, পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের আটক করছে। তিনি সবার মুক্তি দাবি করেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার দেশব্যাপী এই হরতাল ডেকেছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২২৫ ঘ.