নারায়ণগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ মাঝামাঝি এলাকায় শীতলক্ষ্যা নদী দখলের অভিযোগে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিমিয়ার সিমেন্টের কাছ থেকে কেন পরিবেশের ক্ষতিপূরণ আদায়, অবৈধ দখলকৃত নদীর অংশ উদ্ধার, মালামাল জব্দ এবং মামলা দায়ের করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে এমডির কাছে।
ওই কোম্পানির এমডি আমিরুল হককে আগামী ২৩ এপ্রিল অধিদপ্তরের সদর দপ্তরে হাজির হয়ে এর জবাব দিতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএর সীমানা পিলার অতিক্রম করে প্রিমিয়ার সিমেন্ট নদীর ভেতরেও জমি দখল করেছে। এতে শীতলক্ষ্যা নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। নৌ চলাচলের পথ সংকুচিত এবং মৎস্য ও জলজ সম্পদের ক্ষতি ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “শীতলক্ষ্যা নদী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে এ জাতীয় স্থাপনা-অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।”
বিআইডব্লিউটিএর কাছ থেকে নদী দখলের প্রকৃত তথ্য পাওয়া গেলে প্রিমিয়ার সিমেন্টের কাছ থেকে পরিবেশগত ক্ষতিপূরণ আদায় ও উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭২২ ঘ.
bdnews24