সিরাজগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে ইলিয়াস আলীকে দিয়ে বিএনপি ‘গুমের’ নাটক সাজিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
শনিবার সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঘটনার পরদিন বিএনপি নেতারা মন্ত্রণালয়ে এসে সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এমন কি ঘটলো যে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করতে হলো।
এ ঘটনায় প্রমাণ হয়েছে, ইলিয়াস আলীকে উদ্ধারে তারা আন্তরিক নয়। বরং গুমের ইস্যু সৃষ্টি করে তারা জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছে।”
ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
গত মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার। পলিশ তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করলেও সাবেক সাংসদ ইলিয়াসের খোঁজ পায়নি তিন দিনেও।
ইলিয়াসকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট তদন্ত জানিয়ে টুকু বলেন, এজন্য সময় দিতে হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতীতে কোনো সরকার মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং প্রমোদ বিহারের নামে দেশের যুব সমাজের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে।
অনুষ্ঠানে পুলিশ ও র্যাবের হাতে আটক প্রায় ৩৩ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়।
এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, রাজশাহী বিভাগীয় ডিআইজি সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসানসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৬ ঘ.
bdnews24