ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তকারী কর্মকর্তা বলেছেন, একাত্তরের অনেক নথি ও তথ্য-উপাত্ত ধ্বংস করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার অষ্টম দিনের সাক্ষ্য দিতে গিয়ে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতা দখলকারী সরকারের সময়ে এসব তথ্য-উপাত্ত ধ্বংস করা হয়।
হেলাল উদ্দিন বলেন, “সাঈদীর মামলা সরেজমিনে তদন্তের সময় পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগী শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস সম্পর্কে প্রমাণ সংগ্রহের জন্য সংশ্লি¬ষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করলে জানা যায়, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সরকারের সময় এ সংক্রান্ত সব তথ্য- উপাত্ত নষ্ট করা হয়।”
এছাড়া গত মঙ্গলবার প্রসিকিউশনের নথির পৃষ্ঠা যথযাথভাবে উল্লেখে ব্যর্থতার জন্য ট্রাইব্যুনালে প্রদর্শন করতে ব্যর্থ হওয়া শহীদ ভাগীরথি চত্ত্বর ও স্মৃতিস্তম্ভ এবং একাত্তরের সাঈদী ও তার সহযোগীদের দ্বারা ধর্ষিতা ভানু সাহার বাড়ির স্থিরচিত্র এ দিন প্রদর্শন করা হয়।
২০১০ সালের ২৫ মার্চ গঠিত তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম আসামি হিসেবে গত ৩ অক্টোবর একাত্তরে ২০টি মানবতাবিরোধী অপরাধে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
একাত্তরে পিরোজপুরের পারেরহাট বন্দরে শান্তি কমিটির সদস্য এবং রাজাকার বাহিনীর প্রধান দেলাওয়ার হোসেন সাঈদী ওরফে দেইল্লা রাজাকারের বিরুদ্ধে খুন,ধর্ষণ, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ রয়েছে।
পলাতক সাঈদী
সাঈদীর মুক্তিযুদ্ধ-পরবর্তী জীবন সম্পর্কে হেলাল উদ্দিন বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর মুক্তিবাহিনী ও জনতার আক্রমণের আশঙ্কায় নিজ বাড়ি এবং এলাকা পারের হাট ছেড়ে সপরিবারে যশোরে পালিয়ে গিয়েছিলেন সাঈদী।
যশোরের বাঘাড়পাড়া থানার দোহাকুলা গ্রামে মো. রওশন আলীর বাড়িতে দীর্ঘ দিন সপরিবারে আশ্রয় নেন সাঈদী। সেখানে তিনি গরু চরানোর কাজ করতেন। কিন্তু একসময় তার রাজাকার পরিচয় এবং মুক্তিযুদ্ধকালে তার অপরাধের বিষয়টি জানাজানি হয়ে গেলে সেখান থেকেও পালাতে বাধ্য হন তিনি।
এর আরো কিছু সময় পর নিজ এলাকা পারেরহাটে তিনি ফিরে এসে ওয়াজ-নসিহত এবং জামায়াতে ইসলামীর ব্যানারে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রচার প্রচারণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় করা অপরাধ ‘আড়াল’ করার চেষ্টা করেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসডব্লি¬উ/এএইচ/০০৪২ ঘ.
bdnews24