২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় লাঞ্ছিত মানবাধিকারকর্মীর মামলা তদন্তের নির্দেশ

মানবাধিকারকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে তেজগাঁও জোনের পুলিশের উপ-কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকারকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে তেজগাঁও জোনের পুলিশের উপ-কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন ১৩ জুনের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলেছেন। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেছিলেন জাষ্টিস মেকারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম। মামলায় বলা হয়, নওগাঁ জেলার কারা তত্ত্বাবধায়ক (জেল সুপারিনটেডেন্ট), বদলগাছি থানার সাবেক ওসিসহ নয় জন কারা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে তিনি এর আগে একটি মামলা করেছিলেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নির্যাতন ও নির্যাতন পরবর্তী মৃত্যুর অভিযোগ আনা হয়। ওই মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল সেটি প্রত্যাহারে মোবাইলফোনে এক ব্যক্তি তাকে হুমকি দেয়। এ বিষয়টি অবহিত করে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা ইউসুফ তা গ্রহণ না করে লাঞ্ছিত করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এএল/১৮২০ ঘ.