২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহিমা হত্যা: গাড়িচালক মিন্টু রিমান্ডে

গুলশানে গৃহবধূ ফাহিমা সুলতানা হত্যা মামলায় তাদের গাড়িচালক মিন্টু প্যাদা (৪৫) ও তার স্ত্রী পান্না বেগমকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে গৃহবধূ ফাহিমা সুলতানা হত্যা মামলায় তাদের গাড়িচালক মিন্টু প্যাদা (৪৫) ও তার স্ত্রী পান্না বেগমকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মিন্টুকে ১০ দিন এবং পান্নাকে তিন দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দেন বৃহষ্পতিবার। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি (তদন্ত) নূরে আজম মিয়া আসামিদের দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে ১০ দিন করে হেফাজত চান। এ আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। হেফাজত আবেদনে বলা হয়, লুট ও খুনের ঘটনায় আর কারা কারা জড়িত তা জানতে আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। ব্যবসায়ী এম এ মুবিন খানের স্ত্রী ফাহিমা সুলতানাকে মঙ্গলবার দুপুরে হত্যা ও তাদের গৃহ পরিচারিকা বীণা আখতারকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্টুকে বুধবার দুপুরে কামরাঙ্গীর চর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে লুট করা ফাহিমা সুলতানার ৬০ ভরি স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়। পরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মিন্টু হত্যার কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৪৮ ঘ.