চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক নারীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ওই নারীর স্বামী মো. মহিউদ্দিন (৩৮) ও তার সাবেক বন্ধু আক্তার হোসেন (৫০)।
ঘটনার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, “মহিউদ্দিনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে আক্তারকে নগরীর জামাল খান এবং মহিউদ্দিনকে ফিরোজশাহ কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
ওই নারীর অভিযোগ থেকে জানা গেছে, ২০০৬ সালে ওই আগ্রাবাদে একটি সিঅ্যান্ডএফ কার্যালয়ে চাকরিরত অবস্থায় আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়েন। কৌশলে আক্তার তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে রাখে।
২০০৯ সালে মহিউদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। সবকিছুই জেনেই মহিউদ্দিন তাকে বিয়ে করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আক্তারই ওই ভিডিও তার স্বামীকে সরবরাহ করেছেন, যার ভয় দেখিয়ে মহিউদ্দিন তাকে দিয়ে অন্যদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন।
পুলিশ হেফাজতে থাকা মহিউদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আক্তার লোক মারফত এসব ভিডিও তার কাছে পাঠিয়েছে। আক্তারের সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জানতেন না বলেও দাবি করেন তিনি।
আক্তারও ওই নারীর সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন।
সাংবাদিকদের তিনি জানান, আগে সম্পর্ক থাকলেও ২০০৮ সালের পর থেকে ওই নারীর সঙ্গে তিনি কোনো ধরনের যোগাযোগ করেননি।
গ্রেপ্তারকৃত দুই জনের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই মামুন।
সাইবার ক্রাইমের কোনো অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অপরাধীকে ২ থেকে সর্বোচ্চ ৫ বছরের সাজা এবং ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার দিতে হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৭০৩ ঘ.
bdnews24