২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সারাদেশে হরতাল

এক দিনেও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান না পেয়ে বিএনপি অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 07:40 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দিনেও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান না পেয়ে বিএনপি অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে। ইলিয়াস আলীর অন্তর্ধাণের জন্য সরকারকে দায়ী করে এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার হরতাল ডাকা হয়েছে সিলেট বিভাগের চার জেলায়। জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, “সরকারের এজেন্সি ও র‌্যাবের লোকজন ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে।” তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বিএনপি নেতাকে আটক করেনি, বরং তাকে খুঁজে বের করতে কাজ করছে। স্বামী নিখোঁজের ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াসের সঙ্গে তার গাড়িচালক আনসারও নিখোঁজ বলে এতে বলা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী সিলেট জেলা বিএনপিরও সভাপতি। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। ইলিয়াসের স্ত্রী তাহসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। দুই ছেলে আবরার ইলিয়াস অর্ণব ও লাবিব সাহারা এবং মেয়ে সাইয়ারা নাউয়ালকে নিয়ে বনানীর বাড়িতে থাকতেন এই দম্পতি। যেভাবে নিখোঁজ যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস নিখোঁজ, সেই বনানীর ২/১ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িটি তার নিজের। সিলেট হাউজ নামের এই বাড়িতে দুই মাস আগে পরিবার নিয়ে ওঠেন তিনি। থাকেন ছয় তলা ওই বাড়ির পঞ্চম তলায়। ইলিয়াসের বাড়ির কাছেই মহাখালীর আমতলী মোড়ের কাছে গলিতে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধারের পর পুলিশের অনুসন্ধানে তা বিএনপির নেতার বলে বেরিয়ে আসে। বনানী থানার উপপরিদর্শক ফায়েজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার (বুধবার প্রথম প্রহর) দিকে আমতলী সংলগ্ন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি প্রাইভেটকার পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করে। “পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দরজা খোলা অবস্থায় গাড়িটি দেখতে পায়। গাড়ির ভেতরে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। ওই ফোনের কললিস্ট ধরে বিভিন্ন নম্বরে ফোন করে নিশ্চিত হওয়া যায় যে এটি ইলিয়াস আলীর মোবাইল। আর গাড়িটি তার স্ত্রীর।” পরে পুলিশ তাহসিনা রুশদীরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন গাড়িটি তাদের এবং ইলিয়াস ঘণ্টা চারেক আগে ওই গাড়িতে করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাহসিনা পুলিশকে জানান, তার স্বামী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুজন লোকের সঙ্গে ওই গাড়িতে করে বনানীর বাসা থেকে বের হয়ে যান। এরপর অনেক চেষ্টা করেও তিনি স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বাড়ির তত্ত্বাবধায়ক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসা থেকে দুজনকে সঙ্গী করে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার আগে ইলিয়াস বাড়ির নিচ তলায় তার কার্যালয়ে ৬/৭ জনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। কথা শেষে সবার সঙ্গে হাত মিলিয়ে তিনি গাড়িতে উঠেন। অন্যরা দুটি মটর সাইকেলে করে সেখান থেকে চলে যান। এদের মধ্যে ২/৩ জন ‘নতুন লোক’ ছিলেন বলে জানান তত্ত্বাবধায়ক। ইলিয়াসের নবনির্মিত এই বাড়ির ছয় তলায় শুধু একজন ভাড়াটিয়া উঠেছেন। বাকি তলাগুলো এখনো খালি বলে শফিক জানান। তাহসিনা জানান, তার স্বামী মঙ্গলবার দুপুরে সিলেট থেকে ঢাকার আসার পরপরই তিনি সন্তানদের নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় ইলিয়াস বাচ্চাদের শারীরিক অবস্থা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেন, পরামর্শ দেন। “ওটাই ছিল স্বামীর সঙ্গে আমার শেষ আলাপ,” বলেন তাহসিনা। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার খবরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ নেতাকর্মীরা সকালে ওই বাড়িতে ছুটে যান। রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসারকে রাত থেকে পাওয়া যাচ্ছে না। তারা নিখোঁজ। এটা আতঙ্কের বিষয়।” ‘লাশ হলেও ফেরত দিন’ ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার খবরে ভোর থেকেই আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বনানী আবাসিক এলাকার ‘সিলেট হাউজ’ এ ভিড় জমাতে থাকেন। দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী তাহসিনা বিমর্ষ, বিমূঢ়। হতাশায় ভেঙে পড়া মায়ের পাশে বসে তখন ইলিয়াস আলীর ছেলে অর্ণব ও লাবিব এবং মেয়ে সাইয়ারাও অনবরত কেঁদে যাচ্ছিল। তাহসিনা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্বজন হারানোর বেদনা বোঝেন। তাই তার কাছে বিনীত নিবেদন, তিনি যেন আমার স্বামীর দ্রুত খোঁজ দেন। সরকার চাইলে যে কোনো মুহূর্তে নিখোঁজ মানুষের সন্ধান দিতে পারে বলে আমি বিশ্বাস করি।” তিনি জানান, স্বামীর নিখোঁজ হওয়ার খবর পুলিশ-র‌্যাবসহ সবাইকে তিনি জানিয়েছেন, কিন্তু কেউ খোঁজ দিতে পারছে না। “আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি অনুরোধ, আমার স্বামী কোথায় আছেন, জানতে চাই। আপনাদের কাছে থাকলে তাও বলুন। জীবিত না থাকলে তার লাশ আমার কাছে ফেরত দিন,” বলেন তাহসিনা। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে গেলে তাহসিনা তাকে বলেন, “কোনো আশ্বাস চাই না। দয়া করে আমার সন্তানদের দিকে তাকিয়ে আমার স্বামীকে ফেরত দিন। অন্তত তিনি কোথায় আছে, সেটা জানান।” সরকারই গুম করেছে: খালেদা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন বলেছেন, “সরকারের এজেন্সি ও র‌্যাবের লোকজন ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। নেওয়ার সময়ে লোকজন তা দেখেছে। তাই ইলিয়াসের কিছু হলে তার দায় সরকারের ওপর বর্তাবে।” “আমি সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে তাকে ফিরিয়ে দেওয়া হোক।’’ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে তিনি বলেন, “এই সরকার চিরদিন ক্ষমতায় থাকবে না। এজেন্সির যেসব সদস্য এ রকম নিখোঁজ বা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত রয়েছেন- তাদের উদ্দেশ্যে বলব, এসব কর্মকাণ্ড বন্ধ করুন। নইলে একদিন আপনাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে।” বিএনপি নেতাদের কেউ কেউ আশঙ্কা করছেন, ইলিয়াসের ভাগ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের মতো কিছু ঘটে থাকতে পারে। ২০১০ সালের ২৫ জুন ফার্মগেইটে ইন্দিরা রোডের সামনে থেকে নিখোঁজ হন বিএনপি নেতা চৌধুরী আলম। এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা মনে করি, সরকারের তরফ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছে। গুম কিংবা নিখোঁজ হওয়ার ঘটনা ইতিপূর্বেও অনেক হয়েছে। চৌধুরী আলম দীর্ঘদিন নিখোঁজ হয়ে আছেন।” আমার বাহিনী ঘটায়নি: সাহারা বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী এই ঘটনা ঘটায়নি। ইলিয়াস আলীর বনানীর বাড়িতে তার স্ত্রীকে তিনি বলেন, “আমার কোনো বাহিনী এই ঘটনা ঘটায়নি।” বিরোধী দলের অভিযোগের প্রতিক্রিয়ায় সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “এটা ঠিক নয়। সরকার কেন এ ঘটনা ঘটাবে? মহাজোট সরকারের গত তিন বছরে আমরা এরকম কোনো কাজ করিনি।” “গণতান্ত্রিক সরকার হিসাবে আমরা চাই না, দেশে কোনো গুপ্তহত্যার রাজনীতি চলুক। বনানী থানা, ডিবি ও র‌্যাব ঘটনাটি তদন্ত করছে। আমরা চেষ্টা করছি, তাকে খুঁজে বের করার।” ইলিয়াসের নিখোঁজের বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস আলীকে র‌্যাব গ্রেপ্তার কিংবা আটক করেনি।” এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা তাদের হেফাজতে নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েই তিনি পুলিশ প্রধান ও র‌্যাব প্রধানকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “গণতান্ত্রিক সরকার হিসাবে আমরা চাই না, দেশে কোনো গুপ্তহত্যার রাজনীতি চলুক। বনানী থানা, ডিবি ও র‌্যাব ঘটনাটি তদন্ত করছে। আমরা চেষ্টা করছি, তাকে খুঁজে বের করার।” সাহারা খাতুন বুধবার রাতে বনানীতে ইলিয়াস আলীর বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন। বনানী থানার উপপরিদর্শক ফায়েজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চলছে।” পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সব থানায় ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে। ইলিয়াস আলীর আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সর্বশেষ কার কার সঙ্গে মোবাইলে কথা বলেছেন, তাও দেখছি আমরা।” ইলিয়াসের নিখোঁজের বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর র‌্যাব নিজ থেকেই তদন্ত শুরু করেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, ইলিয়াস ও গাড়িচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিএনপির হরতাল আহ্বান কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকের পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বানের কথা জানান। একই দাবিতে বৃহস্পতিবার সিলেট বিভাগে স্থানীয় বিএনপির ডাকা হরতালেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে বলে ফখরুল জানান। হরতালের কারণে সিলেট বিভাগে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববারের পরীক্ষার বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতাল ছাড়াও বৃহস্পতিবার ঢাকাসহ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং শনিবার মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। সিলেটে বিক্ষোভ-সড়ক অবরোধ-সংঘর্ষ জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার খবরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতা-কর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের দুই কনস্টেবলসহ ১০ বিএনপি নেতাকর্মী আহত হন। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ২২ নেতাকর্মীকে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের ওই অংশে যান চলাচল ছিল বন্ধ। এরপর ঢাকা-সিলেট যান চলাচল শুরু হলেও মহাসড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজট। সংঘর্ষের সময় পুলিশের একটি শটগান খোয়া যায়, যা পরে রশীদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-আজাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসআইটি/প্রতিনিধি/এমআই/০১৩৫ ঘ.