২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর ‘যুদ্ধাপরাধের প্রমাণ’ স্থির ও ভিডিওচিত্র উপস্থাপন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর সংক্ষিপ্ত জীবনী, একাত্তরে অপরাধের বিবরণ এবং অপরাধের ঘটনাস্থলের স্থির চিত্র ও সেগুলো নিয়ে করা ভিডিওচিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেছেন তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর সংক্ষিপ্ত জীবনী, একাত্তরে অপরাধের বিবরণ এবং অপরাধের ঘটনাস্থলের স্থির চিত্র ও সেগুলো নিয়ে করা ভিডিওচিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন বৃহস্পতিবার সপ্তম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এসব প্রমাণ তুলে ধরেন। তিনি বলেন, একাত্তরে পিরোজপুরের পারেরহাট এলাকায় দেইল্লা রাজাকার নামে পরিচিত দেলাওয়ার হোসেন সাঈদী ১৯৪০ সালে পিরোজপুরের ইন্দুরকানি থানার বালিয়াপাড়া ইউনিয়নের সাউথখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ছারছিনা দারুল সুন্নাহ মাদ্রাসা থেকে দাখিল পাসের পর আলিম পড়ার সময় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। পরে বারুইপাড়া সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসা থেকে ১৯৬০ সালে আলিম পাস করেন তিনি। নামের সঙ্গে ‘আল্লামা’ বা ‘মাওলানা’ লেখার মতো সাঈদীর শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান হেলালউদ্দিন। তদন্ত কর্মকর্তা বলেন, মুক্তিযুদ্ধের আগে সাঈদী পিরোজপুরের পারেরহাট বন্দরের পাশে তার শ্বশুর বাড়িতে ‘ঘরজামাই’ হিসেবে থাকতেন এবং পারেরহাট বাজারের রাস্তায় বসে লবণ, মরিচ ও অন্যান্য মুদি জিনিস বিক্রি করতেন। একাত্তরের এপ্রিলে জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম, মন্ত্রী এ কে এম ইউসুফ ও পিরোজপুর শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ আফজালের নির্দেশনায় জামায়াত নেতা সেকান্দার শিকদার, দানেশ মোল্লা ও সাঈদীসহ আরো কয়েকজনের সমন্বয়ে পারেরহাট শান্তি কমিটি গঠন করা হয়। মে মাসের শুরুতে সাঈদী ওরফে ‘দেইল্লা’র নেতৃত্বে স্থানীয় জামায়াতে ইসলামী, মাদ্রাসার ছাত্র ও স্বাধীনতাবিরোধী অন্যান্য সংগঠনের সমন্বয়ে পারেরহাটে রাজাকার বাহিনী গঠন করা হয় বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। এরপর ৪ মে থেকে পিরোজপুরের মাছিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ২০ জন এবং মাছিমপুর হিন্দু অধ্যুষিত এলাকায় ১৩ জনকে হত্যা করা হয়। সে সময় লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তা বলেন, ১৯৭১ সালের ৫ মে দেইল্লা রাজাকার নামে পরিচিত সাঈদী ও তার লোকজন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ, পিরোজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাইদ মিজানুর রহমান ও আরেক সরকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে হত্যা করে তাদের লাশ বলেশ্বর নদীতে ফেলে দেন। ৭ মে সাঈদীর নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা ইন্দুরকানি থানার পারের হাট বন্দরবাজারে ৩০ থেকে ৪০টি দোকান ও বাড়ি লুণ্ঠন করে বলে ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। এর মধ্যে একটি দোকান থেকে ২২ সের সোনা ও রূপা সাঈদী লুট করেন বলেও তদন্ত কর্মকর্তা জানান। ৮ মে চিতলিয়া গ্রামে মানিক পসারীর বাড়িতে হামলা করে লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং ইব্রাহিম ওরফে কুট্টিকে আটক করে পারেরহাট বন্দর থানাঘাটে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সাঈদী সরাসরি স¤পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সব অপরাধ সংঘটনস্থলের স্থিরচিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। সাঈদীর মানবতাবিরোধী অপরাধের ওপর ভিত্তি করে একুশে টেলিভিশন নির্মিত একটি অনুসন্ধানী প্রতিবেদনও আদালতে জমা দেন হেলালউদ্দিন। তবে এদিনও প্রসিকিউশনের ব্যর্থতায় ভাগীরথী চত্বরের ভিডিও ও স্থিরচিত্র ট্রাইব্যুনালে দেখানো যায়নি। প্রসিকিউশনের জমা দেওয়া নথির পৃষ্ঠা নম্বরের মিল না থাকায় এ ঘটনা ঘটে। সাঈদীর বিরুদ্ধে যে ২০টি অভিযোগ গঠন করা হয়েছে তার মধ্যে ১৮তম অভিযোগ হচ্ছে ভাগীরথী সাহাকে হত্যা। অভিযোগে বলা হয়েছিল, “মুক্তিযুদ্ধের সময় ভাগিরথী সাহা পাকিস্তানি সেনাক্যাম্পে কাজ করতেন। মুক্তিবাহিনীর সঙ্গে এক লড়াইয়ের পর একদিন আপনার (সাঈদী) উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের কাছে তথ্য পাচারের অভিযোগে ভাগিরথী সাহাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে নির্যাতন করা হয় এবং তারপর তাকে বলেশ্বর নদীর তীরে এনে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।” অভিযোগের বিবরণ অনুযায়ী, ভাগীরথী সাহাকে গাড়ির সঙ্গে বেঁধে টেনে হিচেড়ে বলেশ্বর নদীর ধারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ব্যাপক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১০ সালে ২৫ মার্চ গঠিত তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসডব্লিউ/এএইচ/০০০০ ঘ.