২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিলেট-লন্ডন ফ্লাইট চালুর নির্দেশ কেন নয়’

বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। বেসরকারি বিমান চলাচল সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এর জবাব দিতে ১০ দিন সময় পেয়েছেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের লন্ডন শাখার আহ্বায়ক রহমত আলীর পক্ষে গত রোববার দায়ের করা এই রিটে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লন্ডনের অধিকাংশ বাংলাদেশি সিলেটের। সিলেটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট ছিলো। তবে গত নভেম্বর মাসে কুয়াশার কথা বলে ওই ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। এরপর আর চালু করা হয়নি। “এখন সিলেটের অধিবাসীদের লন্ডন থেকে ঢাকায় এনে অধিকাংশ সময়ই একরাত হোটেলে রেখে পরদিন অন্য বিমানে সিলেটে পাঠানো হয়। এতে বিমানের টাকা খরচ হয়। যাত্রীদের বিড়ম্বনা বাড়ে। এটা নিয়ে লন্ডনে বাংলাদেশ কমিউনিটিতে আন্দোলন শুরু হয়েছে। আগামী ৩ মে এই রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মনজিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯১১ ঘ.