২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ইলিয়াসের স্ত্রী

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। পুলিশ এই সাবেক সাংসদের ব্যবহৃত গাড়িটি রাজধানীর মহাখালীর আমতলি ক্রসিং এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই গাড়ির চালক আনসারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় লুনা বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার খবরে ভোর থেকেই আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বনানী আবাসিক এলাকার ‘সিলেট হাইজ’ এ ভিড় জমাতে থাকেন। নিজের অ্যাপার্টমেন্টে কান্নাজড়িত কণ্ঠে লুনা বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী স্বজনহারানোর বেদনা বোঝেন। তাই তার কাছে বিনীত নিবেদন, তিনি যেন আমার স্বামীর দ্রুত খোঁজ দেন। সরকার চাইলে যে কোনো মুহূর্তে নিখোঁজ মানুষের সন্ধান দিতে পারে বলে আমি বিশ্বাস করি।” মঙ্গলবার দুপুরে ইলিয়াস আলী সিলেট থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুইজন লোকের সঙ্গে ওই গাড়িতে করে বাননীর বাসা থেকে বের হয়ে যান। মধ্যরাত পর্যন্ত অনেক চেষ্টা করেও লুনা আর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। “এখন দুুপুর ১২টা বাজে। ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজ নেইনি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।” হতাশায় ভেঙে পড়া মায়ের পাশে বসে তখন ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস অর্ণব ও লাবিব সাহারা এবং মেয়ে সাইয়ারা নাউয়াল অনবরত কেঁদে যাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহসিনা রুশদীর লুনা জানান, তিনি পুলিশ-র‌্যাবসহ সবার কাছে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কেউ খোঁজ দিতে পারছে না। “আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি অনুরোধ, আমার স্বামী কোথায় আছেন, জানতে চাই। আপনাদের কাছে থাকলে তাও বলুন। জীবিত না থাকলে তার লাশ আমার কাছে ফেরত দিন,” যোগ করেন লুনা। লুনা জানান, তার স্বামী মঙ্গলবার দুপুরে সিলেট থেকে ঢাকার আসার পরপরই তিনি সন্তানদের নিয়ে ডাক্তারের কাছে যান। এ সময় ইলিয়াস বাচ্চাদের শারীরিক অবস্থা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেন, পরামর্শ দেন। “ওটাই ছিলো স্বামীর সঙ্গে আমার শেষ আলাপ”, তসবি হাতে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন লুনা। অন্যদের মধ্যে বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, তার স্ত্রী শাহেদা ইয়াসমীন, সাংসদ শাম্মী আখতার, নিলুফার চৌধুরী মনিসহ ইলিয়াসের আত্মীয়-স্বজনরা লুনার পাশে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/জেকে/১৩৫০ ঘ.