ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে রুলস অব বিজনেস ১৯৯৬ রুল ৩ (রা) এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী নির্দেশনায় এই আদেশ জারি হলো।’
ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর’ দায় নিয়ে গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন সুরঞ্জিত সেনগুপ্ত। এর ৩০ ঘণ্টার মাথায় সরকার এক তথ্য বিবরণীতে জানায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য এখন দপ্তরবিহীন মন্ত্রী।
মঙ্গলবার রাতে সরকারি এক ঘোষণায় বলা হয়, “১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধির ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।”
রেল ও যোগাযোগ দপ্তর আগে একই মন্ত্রণালয়ের অধীনে থাকলেও বেহাল সড়ক ও পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ ওঠার পর বিদায় নিতে হয় এ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে।
এরপর রেলপথ ও যোগাযোগ নামে দুটি আলাদা মন্ত্রণালয় করে সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুরঞ্জিত ও কাদের গত বছর ২৮ নভেম্বর একই সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে শপথ নেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এর আগে হাসিনার গত সরকারে যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
ছাত্রলীগের সাবেক এই সভাপতি ছাত্রত্ব শেষ হওয়ার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। দীর্ঘ দিন দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচএ/জেকে/১১৫৫ ঘ.
bdnews24