২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার খবরে বুধবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকা অবরোধ করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 05:09 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

সিলেট, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার খবরে বুধবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকা অবরোধ করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মৌলভীবাজারের শেরপুর থেকে সিলেট পর্যন্ত এলাকায় মহাসড়কের দুই পাশের বিভিন্ন বাজারে অবস্থান নিয়েছেন ইলিয়াস আলীর সমর্থকরা। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। বিভিন্ন বাজারে সমাবেশও চলছে। মহাসড়ক পুলিশের শেরপুর থানার ওসি সৈয়দ শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি কর্মীদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শেরপুর থেকে ঢাকার দিকে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। “আমরা সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। তাদের সরে যাওয়ারও অনুরোধ জানিয়েছি”, বলেন তিনি। রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি। সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন অংশের বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে রদিপুর বাজার, কুড়–য়াবাজার, দয়ামীর বাজার, তাজপুর বাজার, গোয়ালাবাজার, সাদীপুর ও শেরপুর বাজারে অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন তারা। সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতাকর্মীরা ইলিয়াস আলীর খোঁজ জানতে চায়। তারা শঙ্কিত। আমরা অবিলম্বে তাকে খুঁজে বের করার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০০ ঘ.