২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাতদন্তের অগ্রগতি কিছুই নেই: আদালত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। মঙ্গলবার গোয়েন্দা পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে দেওয়া দুটি প্রতিবেদন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। প্রতিবেদন পড়ে আদালত অসন্তোষ প্রকাশ করে ওই দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান আলতাফ। তিনি বলেন, “এতোদিনেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় আদালত কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। আদালত বলেছে, তদন্তে অগ্রগতির প্রভাব পরিলক্ষিত হয়নি।” আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মো. রবিউল আলমকে মামলার প্রাথমিক বিবরণ, সাক্ষীদের জবানবন্দি, মামলার যাবতীয় গোপনীয় নথিসহ আদালতে হাজির হতে হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “প্রতিবেদন দেখে আদালত আরো বলেছে, ফলাফলে তো কিছুই নেই।” গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়েছে, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে খুনিরা গ্রেপ্তার না হওয়ায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভেকেট মনজিল মোরসেদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি হাই কোর্ট বেঞ্চ একটি রুল জারি করে। সে অনুযায়ী গত ২১ মার্চ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এবং ২২ মার্চ পুলিশ মহাপরিদর্শক পক্ষ থেকে তদন্তের অগ্রগতি জানিয়ে দুটি ‘অগ্রগতি প্রতিবেদন’ জমা দেওয়া হয়। প্রতিবেদন বিষয়ে আদালতের প্রতিক্রিয়া তুলে ধরে মনজিল মোরসেদ বলেন, “আদালত তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আদালত বলেছেন, তদন্তের ফলাফল জিরো। এ ধরনের চাঞ্চল্যকর একটা মামলায় উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়োগ না করে একজন পরিদর্শককে দিয়ে তদন্ত করানো হচ্ছে।” রোমানা মঞ্জুরের ঘটনায় আদালতের আদেশের চার ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হলেও এই চাঞ্চল্যকর মামলায় কেন কেউ গ্রেপ্তার হয়নি, সে বিষয়েও আদালত প্রশ্ন তুলেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৮১৫ ঘ.