২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

গোপালগঞ্জ, হবিগঞ্জ ও লালমনিরহাটে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ, হবিগঞ্জ ও লালমনিরহাটে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এরা হলেন কাশিয়ানীর বাহিরপাড়া গ্রামের মহাসিন ফকিরের ছেলে শাহিন ফকির (১৮), লাখাইয়ের মনতৈল গ্রামের আহাদ আলীর স্ত্রী আলীমুন খাতুন (৪৫) এবং হাতিবান্ধার গড্ডিমারী গ্রামের আমিনুর রহমানের মেয়ে দিয়া (৪)। গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, রামদিয়া সরকারি এসকে কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে মাইক্রোবাস চাপায় শাহিন ঘটনাস্থলে নিহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় একটি মিনিবাস আলীমুন খাতুনকে ধাক্কা দেয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাখাই থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লালমনিরহাট প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১২টার দিকে হাতিবান্ধা উপজেলা পরিষদ চত্বরের কাছে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দিয়া আহত হয়। হাতিবান্ধা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। হাতিবান্ধা থানার ওসি (তদন্ত) শাহীন আকন্দ জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারকে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৬ ঘ.