২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে দেশের তিনটি স্থলবন্দরে ‘হ্যান্ডলিং’ শ্রমিকদের একাংশের ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে দেশের তিনটি স্থলবন্দরে ‘হ্যান্ডলিং’ শ্রমিকদের একাংশের ধর্মঘট শুরু হয়েছে। বেনাপোল, সোনাসমজিদ ও হিলি স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে লাগাতার ধর্মঘট শুরু করলেও অন্য শ্রমিকরা কাজ চালিয়ে যাওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। হ্যান্ডলিং শ্রমিকরা জানান, তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ন্যূনতম মুজুরি নির্ধারণ করে ২০১০ সালের ২ সেপ্টেম্বর সরকার একটি গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, স্থলবন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা লেবার হ্যান্ডলিং চার্জ হিসেবে পাওয়া অর্থ শ্রমিক ও সরকারের মধ্যে ৬৫ অনুপাত ৩৫ হারে বণ্টন করা হবে। কিন্তু তা মানা হচ্ছে না বলেই ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন বলে শ্রমিক নেতারা জানান। এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- বেনাপোল (যশোর) বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করছে। তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বন্দরের অপর একটি হ্যান্ডলিং শ্রমিক সংগঠন। এর ফলে বন্দরের ভিতরে মালামাল ওঠানামা করা থেকে বিরত থাকছে এই দুটি সংগঠনের শ্রমিকরা। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একটি অংশের সভাপতি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের গেজেট বাস্তবায়নের ব্যাপারে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান তাদের আশ্বস্ত করলেও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তা করেননি। শ্রমিকদের অপর একটি সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আলী বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা এ ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছি।” দিনাজপুর বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ হিলি শাখা কর্মবিরতি পালন করলেও বন্দরের অন্য ১২টি কুলি-শ্রমিক সংগঠন কাজ করছে। স্থলবন্দর শ্রমিক লীগ হিলি শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লাবু অভিযোগ করেন, ২০১০ সালে গেজেটে প্রকাশিত হ্যান্ডেলিং শ্রমিকদের মজুরি বাস্তবায়নের দাবিতে সকাল থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। হিলি স্থলবন্দর কুলি-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান জানান, কর্মবিরতির সাথে তাদের শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। তাদের শ্রমিকরা বন্দরের পণ্য-ওঠানামার কাজ করছে। হিলি বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হাকিমপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, কিছু শ্রমিক সোয়া ১১টার দিকে স্থলবন্দর গেটে অবস্থান নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দেখে তারা সরে যায়। চাঁপাইনবাবগঞ্জ সোনমসজিদ স্থল বন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, সকাল থেকে তাদের ধর্মঘট শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এদিকে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা কোনো কর্মবিরতি পালন করছে না বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪২৫ ঘ.