২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ দুর্ঘটনা: দায়ী সেই কার্গো জাহাজ আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় গত মাসে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজটিকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

চাঁদপুর/মুন্সীগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় গত মাসে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজটিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের মেঘনা নদী থেকে ‘এমভি সিটি-১’ নামের কার্গো জাহাজটি আটক করা হয় বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান। জাহাজের ১২ কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত ১৩ মার্চ গভীর রাতে গজারিয়ার মেঘনা নদীতে এই কার্গোর ধাক্কায় শরীয়তপুর-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেলে অন্তত ১৪৭ জনের প্রাণহানী ঘটে। দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত কমিটিও এই কার্গোটিকেই দায়ী করে। লঞ্চটি ওইদিন শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকা যাচ্ছিল। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক ও বিআইডব্লিউটিএর পরিচালক এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক করার সময় কার্গো জাহাজে ১২ জন শ্রমিক ছিলেন। তবে এতে কোনো মালামাল ছিল না। জাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। আটক আটজন হলেন- মাস্টার শহিদুল ইসলাম (৫৪), চালক আমির হোসেন (৪২), সুকানি রফিকুল ইসলাম (৩৫), জাফর (২৭), শহীদ (২৫), বাবুল হোসেন (২৮), নিয়ামত (১৯), সানোয়ার হোসেন (৩২), ইউসুফ (১৯), নুরুজ্জামান (২৮), মোবারক আলী (২২), মনির হোসেন (৩২)। তারা জানিয়েছেন, ‘এমভি সিটি-১’ নামের এই কার্গো জাহাজের মালিক ফজলুর রহমান নামের এক ব্যক্তি। তিনি ঢাকার গেণ্ডারিয়ায় থাকেন বলেও শ্রমিকরা জানিয়েছেন। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, আটক ১২জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন কোস্টগার্ড কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩২৫ ঘ.