ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দশকের রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব পাওয়ার পাঁচ মাসের মাথায় পদত্যাগকে রাজনীতিতে নিজের ‘যাত্রাবিরতি’ বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ দায় কাঁধে নিয়ে সোমবার পদত্যাগ করে তিনি বলেন, “রাজনীতিতে এটা আমার যাত্রাবিরতি। আমি তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে আবার ফিরে আসবো।”
সত্তরের প্রাদেশিক পরিষদে ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য ছিলেন সাম্যবাদী দর্শনে দীক্ষা নিয়ে ছাত্রাবস্থায় রাজনৈতিক জীবন শুরু করা এই প্রবীন নেতা। স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের বেশিরভাগ সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।
বর্তমান সরকারের তিন বছরের মাথায় গত ২৮ নভেম্বর মন্ত্রিপরিষদে জায়গা হয় সুরঞ্জিতের; দায়িত্ব পান নবগঠিত রেল মন্ত্রণালয়ের।
তবে গত ৯ এপ্রিল রাতে এপিএস ওমর ফারুক তালুকদার এবং রেলের দুই কর্মকর্তাকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর থেকে বিএনপিসহ বিভিন্ন দল থেকে সুরঞ্জিতের পদত্যাগের দাবি ওঠে।
সুরঞ্জিত বলেন, “৯ এপ্রিলের ঘটনাকে কেন্দ্র করে সর্বস্তরে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। নানা কথা হচ্ছে। জীবন সায়াহ্নে এসে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি। এই ঘটনায় আমার সম্পৃক্ততা না থাকার পরও আমি অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।”
এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য ‘আত্মত্যাগ’ বলে অভিহিত করেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আমার ভূমিকা অস্বীকার করা যাবে না। আমার সামনে কঠিন পথ। দল, সরকার ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল করার এমন সুযোগ সবার আসে না।”
সত্তরের ঐতিহাসিক প্রাদেশিক পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগের বিজয়ের সময় ন্যাপ থেকে সদস্য নির্বাচিত হন সুরঞ্জিত।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সুরঞ্জিত ছিলেন সক্রিয় যোদ্ধা। তিনি ৫ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, “আমি উচ্চকণ্ঠে বলতে চাই, আমি কারো বোঝা হতে চাই না। দলের ভাবমূর্তি উজ্জ্বল হোক সেটাই চাই।”
পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধে বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সাতষট্টি বছর বয়সী এই নেতা। বক্তব্যের শেষ পর্যায়ে সুরঞ্জিত বলেন, “নিজেকে নির্দোষ প্রমাণ করে রাজনীতিতে স্বচ্ছভাবে ফিরতে পারবো।”
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর হাসিনার মন্ত্রিসভায় সুরঞ্জিতের মতোই ঠাঁই হয়নি ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত নেতা আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদেরও। পরে দলের কেন্দ্রীয় কমিটি থেকেও বাদ পড়েন তারা, স্থান হয় ‘ক্ষমতাহীন’ উপদেষ্টা পরিষদে। এদের মধ্যে থেকে শুধু সুরঞ্জিতই মন্ত্রিসভায় স্থান পান।
১৯৪৫ সালে ৫ মে বর্তমান সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সেন পরিবারে জন্ম হয় সুরঞ্জিত সেন গুপ্তের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/১৭৪৪ ঘ.
bdnews24