২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার সমঝোতা স্মারক: রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ ও মালয়শিয়ার মধ্যে সহযোগিতার বিষয়টি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ ও মালয়শিয়ার মধ্যে সহযোগিতার বিষয়টি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়টি তাকে অবহিত করেন প্রধানমন্ত্রী। এ সময়, জিল্লুর রহমান ও শেখ হাসিনা বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী তার তুরস্ক সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মালয়শিয়া প্রবাসী প্রায় তিন লাখ বাংলাদেশি শ্রমিককে স¤প্রতি সে দেশের সরকার কাজ করার অনুমতি দেওয়ার বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি পদ্মা সেতু বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন এবং তুরস্কে ফলপ্রসূ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান। পরে প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির দেওয়া এক সংবর্ধনায় অংশ নেন। পদ্মা সেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশ। দুর্নীতির অভিযোগে মূল দাতা সংস্থা বিশ্ব ব্যাংক গত সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে অর্থছাড় স্থগিত করার পর মালয়শিয়ার সঙ্গে এ সমঝোতায় স্বাক্ষর করে বাংলাদেশ। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, জাতীয় অধ্যাপক, জাতীয় পদকপ্রাপ্তগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এতে যোগ দেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৪১ ঘ.