ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লা, কামারুজ্জামান ও আব্দুল আলীমের বিরুদ্ধে হওয়া মামলার বিচারকাজ নবগঠিত ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরের আবেদনের ওপর সোমবার শুনানি হবে।
রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর প্রধান গোলাম আরিফ টিপু এ তথ্য জানিয়েছেন।
তিন জনের মধ্যে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান কারাগারে রয়েছেন। জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে রয়েছেন।
সকালে মামলা তিনটি ট্রাইব্যুনাল-১ থেকে ২ এ স্থানান্তরের আবেদন করা হয়।
এ বিষয়ে প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, সংযোজিত অ্যামেন্ডমেন্ট ২০০৯ এর ১১(ক) ধারা অনুযায়ী মামলা তিনটি ট্রাইব্যুনাল ১ এ যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায় থেকেই দুই নম্বর ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য গত ২৫ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২১২২ ঘ.
bdnews24