ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এইচ এম বি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কানাডার বিশেষ দূত সিনেটর হুগ সেগাল প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার সকালে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। সেগাল কমনওয়েলথ সদস্যপদ নবায়ন বিষয়ে কানাডার বিশেষ দূত।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে জানান।
প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে সিনেটর সেগাল প্রধানমন্ত্রীকে বলেন, তিনি তার দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করবেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। দীর্ঘ সময় পর এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ জন সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়।
দণ্ডিত আসামিদের মধ্যে নূর চৌধুরী ও রাশেদসহ ছয় জন এখনো পলাতক রয়েছেন। তারা হলেন- সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিন।
নূর চৌধুরী বর্তমানে কানাডা অবস্থান করছেন।
২০০৭ সালে কানাডার একটি আদালত নূর চৌধুরীকে অবৈধ অভিবাসী ঘোষণা করে তাকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেয়। তবে কানাডা মৃত্যুদণ্ডের বিরোধী এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের শঙ্কা থাকলে তাকে হস্তান্তর করে না দেশটি।
কানাডীয় বিশেষ দূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনোভাবেই ছাড় দেবে না।
প্রেস সচিব বলেন, সন্ত্রাসের কোনো সীমানা না থাকার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধ আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
গত বছরের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, নূর চৌধুরীকে হস্তান্তরে কানাডার সঙ্গে ‘ধারাবাহিক ও নিবিড়ভাবে’ কাজ করে যাচ্ছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২২ ঘ.
bdnews24