২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরোজ রশিদের জবাবে সন্তুষ্ট নয় ইসি

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদ। তবে তার জবাব সন্তুষ্ট করতে পারেনি রিটার্নিং কর্মকর্তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদ। তবে তার জবাব সন্তুষ্ট করতে পারেনি রিটার্নিং কর্মকর্তাকে। ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া জবাবে এখনো প্রার্থী না হওয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি বলে দাবি করেছেন ফিরোজ রশীদ। তার জবাবে রিটার্নিং কর্মকর্তা সন্তুষ্ট নন বলে জানান এই কর্মকর্তা। বৃহস্পতিবার গেণ্ডারিয়ায় এক জনসভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে কাজী ফিরোজ রশিদকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এতে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। সেজন্য জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলে শুক্রবার বলেছিল নির্বাচন কমিশন। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হবে- জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, সম্ভাব্য ওই প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের পর রিটার্নিং কর্মকর্তা পরবর্তী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন। তফসিল ঘোষণার পর ইসি আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নিতে পারে। তাতে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসির রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ডিসিসি উত্তর ও দক্ষিণে ভোট গ্রহণ হবে। এর আগে ১৯ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকার দুই অংশে মোট ১৫ জন মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে কাজী ফিরোজ এখনো ফরম নেননি। নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হলে তবেই প্রার্থীরা প্রচার শুরু করতে পরেন। সে অনুযায়ী ডিসিসি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করা যাবে ২ মের পর। এর আগেই দলের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়ায় নির্বাচন কমিশন কাজী ফিরোজকে এই নোটিস দিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১৫৪ ঘ.