২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী বিরোধী দল চাই: শেখ হাসিনা

বাংলা নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলা নববর্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই, বিরোধী দল শক্তিশালী হোক। বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করুক।” “সমস্যা থাকে। সেই সমস্যা যেন উৎরাতে পারি, আমি সেই রকম মানসিকতা চাই,” বিরোধী দলকে নিয়ে নতুন বছরে প্রত্যাশা শেখ হাসিনার। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আইনি লড়াইয়ে জয়ে ধন্যবাদ জানানোর পর তা আবার প্রত্যাহার করে নেওয়ায় বিরোধী দলের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। “ধন্যবাদ দিয়ে প্রত্যাহার, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা দেখিনি,” বলেন তিনি। তিন দিনের সফর শেষে সকালে তুরস্ক থেকে ফেরার পর বিকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পথে উড়োজাহাজেও যাত্রী এবং সফরসঙ্গীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গণভবনে অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি চাই, বাংলা ১৪১৯ সালে সবার জীবন সুন্দর হোক। আমরা যেন বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি। পুরনো জঞ্জাল মুছে ফেলে নতুন ভাবে এগোতে পারি।” সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, আমরা প্রতিশোধ নিতে যাইনি। প্রতিশোধ নিতে গিয়ে আমরা শক্তি ক্ষয় করিনি। জনগণের আর্থ-সামজিক উন্নয়নে আমরা শক্তি ক্ষয় করেছি।” ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের রাজনৈতিক নিপীড়নের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগের লোকজনের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়, হাত-পা কেটে নেয়, মেয়েদের ধর্ষণ করে। সে সময় তাদের (বিএনপি) হাত থেকে কেউ রক্ষা পায়নি। তাদের কথা ছিল, আওয়ামী লীগ বলে কিছু থাকবে না।” সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যা, ব্রিটিশ রাষ্ট্রদূতের ওপর গ্রেনেড হামলা, ২১ অগাস্ট গ্রেনেড হামলার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। “তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল,” বিএনপি উদ্দেশ্য করে এই কথা বলে তিনি একইসঙ্গে বলেন, “আমরা তা করিনি।” সরকারের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়ে বিরোধী দলের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “প্রতিদিন একখানা মাইক নিয়ে সত্য-মিথ্যা দিয়ে প্যাঁচাল না পেড়ে জনগণের উন্নয়নের জন্য কথা বলুন।” গণভবনে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। ওই সময় তার সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং প্রধানমন্ত্রী বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৪১ ঘ.