সাভার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি পোশাক কারখানার কয়েকজন বরখাস্ত শ্রমিক এক কর্মকর্তাকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শ্রমিকরা একঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করেছে।
শুক্রবার দুপুরে হেমায়েতপুরে নিহত আব্দুস সালাম (২৮) এজেআই গ্র“পের ওই কারখানার ব্যবস্থাপক (প্রিন্টিং)। তার বাড়ি রাজবাড়ী সদরের আলাদিপুর গ্রামে।
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ওই কারখানার অপারেটর (প্রিন্টিং) মিরাজ হোসেন সাংবাদিকদের জানান, কাজে অবহেলার কারণে বৃহস্পতিবার কারখানার পাঁচ শ্রমিক ইলিয়াছ, রফিক, সোহাগ, মনির ও নাজমুলকে বরখাস্ত করেন আব্দুস সালাম।
তিনি বলেন, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিনিসহ সালাম দুপুরের খাবার খেতে কারখানা থেকে বের হলে মূল ফটকের কাছে ওই পাঁচ শ্রমিক সালামকে কাঠের টুকরো দিয়ে পেটাতে থাকে। সালাম দৌড়ে একটি গাড়ির গ্যারেজে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাকে আরো পেটায় এবং এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
মিরাজ আরো বলেন, হামলাকারীরা চলে যাওয়ার পর তারা সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুর ৩টার দিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কে নেমে অন্তত অর্ধশত যানবাহন ভাংচুর করে। তারা রাস্তা অবরোধ করে ঘাতকদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বিকাল ৪টার দিকে পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
এ ব্যাপারে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য হেমায়েতপুর ও আশপাশের এলাকায় ঝটিকা অভিযান চালাচ্ছে পুলিশ।
ওই পাঁচ শ্রমিককে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সোহাগকে সন্ধ্যায় পুলিশ হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০১১ ঘ.
bdnews24