গাইবান্ধা, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডের জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চামেলি বেগম ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য। আহত সাদা রানী (৫৫) ওই গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দরিদ্র সাদা রাণী জানান, উপ-ভিজিডি কার্ড দেওয়ার নামে চামেলি বেগম প্রায় ২ মাস আগে তার কাছ থেকে ৩ হাজার টাকা নিলেও কোন কার্ড দেননি। বৃহস্পতিবার তিনি ছেলে শাহীন মিয়া ও ছেলের বউ কুলসুম বেগমসহ ওই টাকা ফেরত নেওয়ার জন্য ইউপি সদস্যের বাড়িতে যান। এতে চামেলী বেগম ও তার স্বামী আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেন।
ইউপি সদস্যের দা’য়ের কোপে বাম হাত কেটে গেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে চামেলী বেগম বলেন, সাদা রাণীর কাছ থেকে নেওয়া দুই হাজার তিনশ’ টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। তবে তিনি কাউকে মারধর করেননি।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল জানান, এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের কাছে পাঠিয়েছেন।
স্থানীয়ভাবে মীমাংসা না হলে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জামালপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮২৭ ঘ.
bdnews24