২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইম হত্যার প্রধান আসামির দোকানে আগুন, বাড়ি ভাংচুর

বগুড়ার কাহালুতে বিক্ষুব্ধ জনতা নাইম হত্যা মামলার মূল আসামি জাকারিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে, ভাংচুর করেছে তার বাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 07:52 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বগুড়া, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাহালুতে বিক্ষুব্ধ জনতা নাইম হত্যা মামলার মূল আসামি জাকারিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে, ভাংচুর করেছে তার বাড়ি। আসামিদের পক্ষ নিয়ে স্থানীয় কিছু ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন কাহালু থানার এসআই আনোয়ার হোসেন। কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র নাইমুর ইসলাম নাইম হত্যার প্রতিবাদে সকালে বটতলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কাহালু উপজেলার ১৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ কাহালু বাজার বণিক সমিতি ও কাহালু বাস মালিক সমিতি যোগ দেন। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয়। দুপুরে দু’শতাধিক ছাত্র-জনতা নাইমকে যে ঘরে নিয়ে হত্যা করা হয়েছিল, জাকারিয়ার সেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা আনোয়ার সাংবাদিকদের বলেণ, উত্তেজিত ছাত্র-জনতা জাকারিয়ার ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িতে হামলা চালায়। সহিংসতা এড়াতে ওই এলাকায় এক প্লাটুন পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এদিকে গ্রেপ্তার আসামি শাকিল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নাইমকে হত্যা, ইটভাটায় পুড়িয়ে লাশ গুম করাসহ ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের স্বীকারোক্তি দিয়েছে বলে তিনি জানান। আনোয়ার এই মামলা তদন্ত করছেন। গত ৫ এপ্রিল নাইমকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তার লাশ ইটভাটায় পোড়ানো হয়। হত্যার পর ৯ এপ্রিল নাইমের বাবা রফিকুল ইসলামের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে আসামিরা। ওই দিনই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শাহাদতকে গ্রেপ্তার করে। শাহাদত হত্যার কথা স্বীকার করলে নাইমের বাবা ১০ এপ্রিল কাহালু থানায় জাকারিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ ৬ আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিসহ আরো ৪ জনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/০১৫০ ঘ.