২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জ সহিংসতার ঘটনায় কলেজ উপাধ্যক্ষ গ্রেপ্তার

সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 07:52 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

সাতক্ষীরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াছিন আলী সাংবাদিকদের জানান, রিয়াজুল ইসলাম সন্দেহের তালিকায় থাকায় বৃহস্পতিবার বিকালে মহৎপুর গ্রামে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াজুল কুশলিয়া ইউনিয়ন জামায়াতের রুকন বলে জানান ইয়াছিন। এর আগে বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরের এক আত্মীয়ের বাসা থেকে স্থানীয় পত্রিকা ‘দৃষ্টিপাতের’ ইউনিয়ন সংবাদদাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হলো। স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ কালীগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবুল মনসুর আহমদের ‘হুজুরে কেবলা’ নাটকটি মঞ্চস্থ করে। ‘হুজুরে কেবলা’ নাটকে মহানবীকে (সাঃ) অসম্মান করা হয়েছে- ২৯ মার্চ এমন একটি সংবাদ ছাপে স্থানীয় পত্রিকা ‘দৃষ্টিপাত’। এরপর ওই অঞ্চলের ১১টি বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর-লুটপাট ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/০১৪০ ঘ.