ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে শ্রম আইনের আওতায় আনা, তাদের পরিচয়পত্র দেওয়া ও রেশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে কৃষি শ্রমিক অধিকার মঞ্চ নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে এসব দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।
আয়োজকরা জানায়, সারা দেশের ৩০টি জেলা শহরে একযোগে এ কর্মসুচি পালনের পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
কৃষি শ্রমিকদের অন্য দাবিগুলো হচ্ছে কর্মক্ষেত্রে আহত কৃষি শ্রমিকদের শ্রম আইনানুসারে ক্ষতিপূরণ প্রদান, কৃষিতে শিশুশ্রম নিষিদ্ধ করা, সারা দেশে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা, প্রতি ইউনিয়নে শস্য গুদাম ও হিমাগার নির্মাণ করা, বিদেশে স্বল্প খরচে কৃষি শ্রমিকদের অভিবাসন নিশ্চিত করা ইত্যাদি।
এ দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে অর্থনীতিবীদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, “কৃষকদের উন্নতি না হলে কৃষির উন্নতি সম্ভব নয়। এর আগে আমরা একই দাবিতে রাজধানীতে একটি মহাসমাবেশ করেছিলাম। সে সময় শ্রমমন্ত্রী আমাদের দাবি পূরণের আশ্বাসও দিয়েছিলেন।”
“শ্রম আইনের খসড়া প্রস্তাবে কৃষকদের কৃষি শ্রমিক হিসেবে স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করায় তাকে ধন্যবাদ। আমরা আশা করি সংসদের বাজেট অধিবেশনে এ খসড়াটিকে চূড়ান্তভাবে আইনে রূপ দেয়া হবে”, যোগ করেন তিনি।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, “কৃষি দেশের সবচেয়ে বড় ক্ষেত্র হলেও সব সময়ই অবহেলিত। এ কারণে আইনগত অধিকারের দাবিতে ৩০টি জেলার কৃষিশ্রমিকরা এ কর্মসুচি পালন করছে।”
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই দাবিতে একটি কৃষক সমাবেশ করে কৃষি শ্রমিক অধিকার মঞ্চ। সে সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বলেছিলেন, “দাবি না আদায় হলে আমি নিজেও প্রথম সারিতে থেকে আন্দোলন করবো।”
তবে জাতীয় সংসদের এ অধিবেশনে এ ধরণের কোনো বিল উত্থাপন করা হয় নি।
এ প্রসঙ্গে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, আগামী অধিবেশনে আইনটি সংসদে উত্থাপন করা হবে এবং শ্রমমন্ত্রীর অঙ্গীকার আইনে বাস্তবায়িত হবে।”
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কৃষি শ্রমিক অধিকার মঞ্চের সদস্য সচিব শিরিন আক্তার, জিয়াউল হক মুক্তা, রোকেয়া রফিক বেবী, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধানমন্ত্রী দেশে ফিরলে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬২৪ ঘ.
bdnews24