ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ আইনি ধাপ মানা হয়নি দাবি করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না করতে প্রধান নির্বাচন কমিশনারকে নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার তিন দিন পর বৃহস্পতিবার এই নোটিস দেওয়া হয়। তফসিল অনুযায়ী দুই সিটি কর্পোরেশনে ভোট হবে ২৪ মে।
ডাকযোগে পাঠানো ওই উকিল নোটিসে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের তিনটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না করতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ নোটিসটি পাঠিয়েছেন।
নোটিসে নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ করে ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। নইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মনজিল মোরশেদ।
নোটিসে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তাকে বিবাদি করা হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২৭ ধারায় আছে, নতুন কোনো সিটি কর্পোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং কর্পোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবে। এই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে।
ওই আইনের ২৮ ধারায় বলা হয়েছে, সরকারী কর্মচারীদের থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নিধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে।
ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নবগঠিত হওয়ায় ওয়ার্ডের বিভাগ ও সংখ্যা নির্ধারণ, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন-২০০৯’র ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই বলে উকিল নোটিস পাঠানোকারীর যুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24