২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ঢাকায় গ্যাস বন্ধ থাকবে ২২ ঘণ্টা

কুড়িল বিশ্বরোড ও আশেপাশের এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার বরাবর গ্যাস পাইপ স্থানান্তরের কারণে গ্যাস বন্ধ রাখবে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপ লাইন স্থানান্তরের কারণে ঢাকা মহানগরীর উত্তরাংশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। শাহজাহান বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড ও আশেপাশের এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার বরাবর গ্যাস পাইপ সরিয়ে অন্য স্থানে বসানোর কাজ চলবে। “ওই সময়ে বিমান বন্দর সড়কের জিয়া কলোনী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন এলাকা, হোটেল রেডিসন, বলাকা ক্যাটারিং সার্ভিস, আর্মি গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, জোয়ার সাহারা এবং খিলক্ষেতের সব সিএনজি স্টেশন ও আবাসিক সংযোগে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।” গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য কোম্পানি পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ শাহজাহান। তিতাস গ্যাস কৃর্তপক্ষ ঢাকা মহনগরীর আশপাশে গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ আরো কয়েকটি জেলায় গ্যাস সবরবাহ করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৫৫০ ঘ.