ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মাস্টারপ্ল্যান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টিতে গুরুত্ব দেন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, সে পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
কোটালীপাড়ার মহাপরিকল্পনা অনুমোদনের সময় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা ঘাঘর বাজার উন্নয়নসহ টুঙ্গীপাড়া পৌরসভা পার্ক ও উপজেলা কমপ্লেক্স পুকুরের সৌন্দর্যবর্ধন এবং টুঙ্গীপাড়া-পাটগাতি খালের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানান।
প্রধানমন্ত্রী এই সব প্রকল্প নিয়েও বেশ কিছু পরামর্শ দেন বলে জানান আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৫০ ঘ.
bdnews24