সিরাজগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্যাংকলরি বোঝাই ভেজাল মিশ্রিত পেট্রোল উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে তিনজনকে।
সোমবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে ট্যাংকলরিটিতে অভিযান চালিয়ে ভেজাল মিশ্রিত পেট্রোল উদ্ধার করে র্যাব।
আটককৃতরা হলেন- লরির চালক ও শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মকছেদ আলীর ছেলে হারুনুর রশীদ (৪০), চালকের সহকারী একই গ্রামের আবুজল সরকারের ছেলে রইজুল হোসেন (২৫) ও আতত সরকারের ছেলে মিন্টু (২৮)।
র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল হাসান সাংবাদিকদের জানান, ৯ হাজার লিটার ভেজাল মিশ্রিত পেট্রোল চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি পেট্রোল পাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে পাম্প কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে জানিয়ে র্যাব কর্মকর্তা রবিউল বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০১ ঘ.
bdnews24