চাঁদপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর শহরে সোমবার দু’দল যুবকের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে।
নিহত বিল্লাল দেওয়ান (২৬) শহরের নাজিরপাড়ার রমজান দেওয়ানের ছেলে।
আহতদের মধ্যে আহম্মদ আলী (২৫) ও খোকন মজুমদার (২৬) নামে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের চাঁদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে নাজিরপাড়ায় সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় এক যুবককে আটক করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
সদর হাসপাতালের ডা. মাহমুদুন্নবী মাসুম বলেন, নিহত য্বুকের শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঢাকা পাঠানো দু’জনের অবস্থাও গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24