২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাক্সিক্যাবের ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

সিএনজি এবং খুচরা যন্ত্রাংশের মূল্য বেড়েছে উল্লেখ করে ভাড়া বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্সিক্যাব মালিক চালক এক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি এবং খুচরা যন্ত্রাংশের মূল্য বেড়েছে উল্লেখ করে ভাড়া বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্সিক্যাব মালিক চালক এক্য পরিষদ। রোববার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক্য পরিষদের প্রতিনিধি পরিচয় ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, নতুন ট্যাক্সিক্যাব আমদানি না হওয়া পর্যন্ত পুরানো ট্যাক্সিক্যাবের রুট পারমিট বহাল রেখে লাইসেন্স নবায়নের অনুমতি দেওয়া, ট্যাক্সি স্ট্যান্ড ও পার্কিংয়ের স্থান নির্ধারণ করা, পুলিশি হয়রানি ও রিকুইজিশন বন্ধের ব্যবস্থা নেওয়া, দ্রুত যাত্রীসেবা নিশ্চিত করতে সিএনজি স্টেশনে পৃথক লাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা এবং যাত্রীসেবা পর্যবেক্ষণের জন্য মালিক-শ্রমিক ও সরকারের যৌথ অংশগ্রহণে কমিটি গঠন করা। এছাড়া ট্যাক্সিচালকদের নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র নিশ্চিত করা এবং মালিক কল্যাণ সমিতির মাধ্যমে ট্যাক্সিক্যাব আমদানি করার দাবিও জানানো হয়। আলোচনা সভায় উপস্থিত নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ঐক্য পরিষদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “দাবিগুলো ন্যায়সঙ্গত। আপনারা এগুলো সরকারের কাছে উত্থাপন করবেন। সরকারের দায়িত্ব হবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা।” তবে এর আগে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আপনারা মিটারে গাড়ি চালান না। যাত্রীদের নির্ধারিত গন্তব্যে যেতে চান না। এটা সঠিক নয়।” এ সময় ক্যাব মালিক-শ্রমিকদের দাবি প্রসঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) এনফোর্সমেন্ট বিভাগের উপ-পরিচালক মশিয়ার রহমান বলেন, “সবগুলো দাবি এক সাথে পুরণ করা সম্ভব না হলেও কিছু দাবির ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। ভাড়া নির্ধারনের বিষয়টি ইতিমধ্যে যোগাযোগ মন্ত্রনালয়কে জানানো হয়েছে, মন্ত্রনালয়ের নির্দেশ পাওয়া মাত্র এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।” সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারন সম্পাদক মো. রুস্তম আলী, ঢাকা মহানগর ট্যাক্সি ক্যাবচালক ইউনিয়নের সাধারন সম্পাদক এস এম তারেক মাহমুদ, ঢাকা মহানগর ট্যাক্সিক্যাব মালিক সমিতির মহাসচিব মো. ওবায়দুল হক প্রমুখ। রাজধানীতে ১৯৯৭ সালে প্রথম কালো ও হলুদ রঙের সিএনজিচালিত ট্যাক্সি ক্যাব চালু করা হয়। বর্তমানে কালো ট্যাক্সি ক্যাবের ভাড়া প্রথম ২ কিলোমিটারের জন্য ৩০ টাকা এর পর প্রতি কিলোমিটারে ১৫ টাকা। হলুদ ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে প্রথম ২ কিলোমিটার ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ২০ টাকা সরকারিভাবে নির্ধারন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/আরএ/এসইউ/১৫৪৩ ঘ.