নিউ ইয়র্ক, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নন্দীরহাট এবং সাতক্ষীরার কালীগঞ্জে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ১৩ এপ্রিল সারাবিশ্বে একযোগে মানববন্ধন এবং বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বহির্বিশ্ব শাখা।
শনিবার আট দেশের ঐক্য পরিষদের ২৩ নেতার এক টেলিকনফারেন্সে এই সিদ্ধান্ত হয়।
সেদিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদ সমাবেশ হবে নিউ ইয়র্ক, লসএঞ্জেলেস, বস্টন, কানেকটিকাটে। একইসঙ্গে লন্ডন, জেনেভা, স্টকহোম, প্যারিস, ইতালি, ফিনল্যান্ড, জার্মানি এবং কলকাতায় সমাবেশ হবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের আন্তর্জাতিক সমন্বয়কারী সীতাংশু গুহ।
মাসখানেক আগে চট্টগ্রামের নন্দীরহাটে বেশ কয়েকটি মন্দির ভাংচুর এবং হিন্দু স¤প্রদায়ের বাড়ি ও দোকান লুটপাট হয়। এরপর কয়েকদিন আগে সাতক্ষীরার কালীগঞ্জে হিন্দু স¤প্রদায়ের ওপর হামলা হয়।
সীতাংশু গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নন্দীরহাট এবং সাতক্ষীরায় হিন্দুদের নির্যাতনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অকুস্থল পরিদর্শন করেননি কিংবা একটি বিবৃতিও দেননি। এর ফলে ধর্মীয় সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে দুর্বৃত্তরা হুমকি দিয়েই যাচ্ছে।”
নন্দীরহাটে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গত ৪ মার্চ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনেও বিক্ষোভ করেছিল ঐক্য পরিষদ। তখন জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে স্মারকলিপিও দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24