ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি উদ্যোগের অভাবে জলাভূমি হারিয়ে যাচ্ছে- অভিযোগ করে এজন্য একটি স্বতন্ত্র ও সমন্বিত দপ্তর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘বিল বাঁচাও’ শিরোনামে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে প্রথম জাতীয় বিল কনভেনশনে শনিবার এই দাবি জানানো হয়।
দিনব্যাপী কনভেনশনে প্রস্তুতি কমিটির সদস্য সচিব খন্দকার আজিজুল হক মনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিলের অনেক অবদান থাকলেও এর সঠিক কোনো পরিসংখ্যান ও তথ্য নেই। বিলের উন্নয়নে সরকারি সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই।
“দেশের বিলগুলো বাঁচাতে এখনি সরকারের নীতিনির্ধারণী মহলকে একটি স্বতন্ত্র ও সমন্বিত দপ্তর তৈরি করতে হবে।”
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, “বিল বাঁচাতে এমন পদক্ষেপ নিতে হবে যা আসলে মানুষের উন্নয়নে আসবে।”
চলন বিল অঞ্চলের কৃষক মো. রুহুল আমিন বলেন, সরকারি নানা সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে চলনবিল এখন শেষ হতে চলেছে।
কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেন, “বর্তমান সরকার সব ধরনের জলাভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায়। এজন্য বিল, হাওর-বাওরসহ সব ধরনের জলাভূমি রক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ভারতের নানা বাঁধের কারণে নদীগুলোর স্রোত কমে যাওয়ায় অনেক নদী ভরাট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “১৯৭২ সালে দেশে নদীর পরিমাণ ছিল ২৮ হাজার কিলোমিটার। এখন তা কমে শুষ্ক সময়ে চার হাজার আর বর্ষায় ছয় হাজার কিলোমিটারে দাঁড়িয়েছে।”
এই কনভেনশনের মাধ্যমে বিল এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য কার্যকর পথ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তফা ফারুক মোহাম্মদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/২২২২ ঘ.
bdnews24