ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটের একদিন আগে সাংবাদিক নেতাদের চায়ের দাওয়াতে ডেকেছেন মন্ত্রী সাহারা খাতুন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা এই দাওয়াতে শনিবার দুপুরে বেইলি রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত হয়েছেন।
শনিবারের (৭ এপ্রিল) মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করার কথা রয়েছে সাংবাদিকদের। সারা দেশে জেলা পর্যায়ে ডিসি ও এসপি অফিসের সামনেও একই কর্মসূচি পালন করা হবে।
বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজের বাসায় খুন হন।
হত্যাকাণ্ডের পর প্রায় দুই মাস হতে চললেও কাউকে গ্রেপ্তার বা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।
সবশেষ গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “অপেক্ষা করুন। দেখেন, ধরা হয় কি না। অবশ্যই ধরা হবে।”
এদিকে হত্যাকাণ্ডের কুলকিনারা করতে দৃশ্যত ব্যর্থ পুলিশ সাগর ও রুনির পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
মেহেরুন রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবশেষ গত ১০ মার্চ তাদের বাসায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুজন সদস্য। তারপর থেকে আর কেউ যোগাযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৪২৯ ঘ.
bdnews24