ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ কর্মদিবসে ব্যস্ততার বত্যয় ঘটিয়ে দুস্থ শিশুদের সঙ্গে দুই ঘণ্টা সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রীপুরের শিশুপল্লী প্লাস এর শিক্ষার্থীরা বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তাদের সঙ্গে সময় কাটান। এ সময় শিশুরা দলগত নৃত্য ও সংগীত পরিবেশন করে; নিজেদের আঁকা ছবি উপহার দেয় প্রধানমন্ত্রীকে।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “এতিম শিশুরা রাস্তায় কেন ঘুরে বেড়াবে? কেন তারা ভিক্ষা করবে, ঝুকিপূর্ণ কাজ করবে? তাদের দায়িত্ব তো আমাদের। তাদের শিক্ষা ও সুন্দর জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানার দেড় বছর বয়সী নাতনি হাসিনা সিদ্দিক লিলা। দাদীর কোলে বসে শিশুপল্লীর শিশুদের সঙ্গে ছবিও তোলে সে।
শিশুদের সঙ্গে লিলার পরিচয় করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ওর ডাক নাম লিলা। আর ভালো নাম আমার সঙ্গে মিলিয়ে হাসিনা।”
“আজকের দিনটা সত্যিই আনন্দের দিন। মনে হচ্ছে গণভবনে ছোট ছোট ফুল ফুটে আছে”, বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই শিশুরা দলগত সংগীত পরিবেশন করেন। এরপর তারা ‘বাংলাদেশের হৃদয় হতে’ গানটির সঙ্গে পরিবেশন করেন নৃত্য। পরে শাহ আব্দুল করিমের একটি গানের সঙ্গেও দলগত নৃত্য পরিবেশন করে শিশুরা।
ক্লাশে নিজেদের হাতে আঁকা দুটি ছবিও তারা তুলে দেয় প্রধানমন্ত্রীর হাতে।
শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির পরিচালক প্যাট্রেসিয়া করের জন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে শিশুরা তাদের লেখা একটি আবেদনপত্র শেখ হাসিনার হাতে তুলে দেয়।
প্রধানমন্ত্রী এ ব্যাপারে বলেন, “তিনি (প্যাট্রেসিয়া) বাংলাদেশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তার নাগরিকত্বের বিষয়ে ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। প্রচলিত আইন দেখে বিবেচনা করবো।”
“তিনি মানুষের সেবা করবেন। বাচ্চাদের দেখবেন। তাতে আমাদের অসুবিধা নেই। আমরা তাদের সহযোগিতা করবো”, যোগ করেন প্রধানমন্ত্রী।
গাজীপুরের শ্রীপুরে শিশু পল্লী প্লাসের জমি নিয়ে যে জটিলতা রয়েছে তারও সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি শিশু পল্লী প্লাসের শিশুদের মনোযোগ নিয়ে লেখাপড়া করার উপদেশ দেন।
ব্রিটিশ নাগরিক প্যাট্রেসিয়া বাংলায় বলেন, “১৯৮১ সালে আমি প্রথম বাংলাদেশে আসি। এই দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পেরে সত্যিই আমি গর্বিত।”
অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী এবং বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সমাজকল্যাণ সচিব রঞ্জিত বিশ্বাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৭১৪ ঘ.
bdnews24