২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত মদ পানে পাবনায় ২ শ্রমিকের মৃত্যু

পাবনার বেড়ায় বিষাক্ত মদ পান করে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

পাবনা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়ায় বিষাক্ত মদ পান করে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সকাল ৯টায় বেড়া উপজেলার পেঁচাখোলা যমুনানদীর চরে যাত্রা শেষে মঞ্চের আসবাব খুলতে যায় ৯ জন শ্রমিক। এদের মধ্যে ৫ জন মঞ্চের পাশে বস্তার মধ্যে রাখা দেশীয় মদ পানের কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বেড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জন মারা যান। এরা হলেন- বেড়া উপজেলার পেঁচাখোলা গ্রামের আব্দুল হান্নান (৩০) ও আব্দুল মান্নান (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় পেঁচাখোলা গ্রামের মোকাররম হোসেন (২৮), বাবুল আক্তার বাবু (৩০) এবং হাটুরিয়া-নাকালিয়া গ্রামের উজ্জলকে (৩৫) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, সম্ভবত পাঁচ জনই দূষিত মদ পান করেছে। দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০১ ঘ.