ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদসহ আটজন।
বৃহস্পতিবার তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে হাকিম কামরুন্নাহার রুমি তা মঞ্জুর করেন।
অন্য সাতজন হলেন- অধ্যাপক এম ফরিদ আহমেদ, অধ্যাপক মো. রুহুল আমিন আকন্দ, ড. ফজলে আলী, (পরিচালক প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন), ড. আরশাদ আলী মাতব্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএর বর্তমান চেয়ারম্যান), মো. আব্দুর রাহীম (সাবেক শৈলী সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান অধ্যাপক), মো. কামাল উদ্দিন (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান শিক্ষক) এবং মো. কুতুবউদ্দিন (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক)।
এ মামলার অপর দুই আসমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক এরশাদুল বারী ও অধ্যাপক মো. আনছারুজ্জামান উচ্চ আদালত থেকে আগেই জামিনে পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ গত ৪ মার্চ একই আদালতে মামলাটি দায়ের করেন।
আরজিতে তিনি বলেন, “২০০০ সালের আগস্ট মাসে আমি এবং শওকত আরা হোসেন (ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারপার্সন) মিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইটি রচনা করি। আমাদেরকে না জানিয়ে ২০০২, ২০০৫ এবং ২০০৯ সালে বইটি পুনঃমুদ্রণ করা হয়- যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে।”
তিনি আদালতকে জানান, পুণর্মুদ্রণে ওই বইয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে থাকা ‘জাতির জনক’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর স্থানে জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়। এ ছাড়া অসহযোগ আন্দোলন, মুজিবনগর সরকার এবং ৭ মার্চের ভাষণকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে গত ১ মার্চ অধ্যাপক হারুনসহ ছয়জনকে হাই কোর্টেও তলব করা হয়েছিল। হাইকোর্টের আদেশেই পরে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন অধ্যাপক হারুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/আরএ/জেকে/১৫০৫ ঘ.
bdnews24