নেত্রকোনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তক্ষক পাচারের অভিযোগে নেত্রকোনা সদরের দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে নেত্রকোনার একটি আদালত।
এছাড়া তাদের কাছে পাওয়া তক্ষকটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম কামাল হোসেন বুধবার এ আদেশ দেন।
আটক দু’জন হলেন সদর উপজেলার মদনপুর গ্রামের মামুন (৩৩) ও নন্দীপুর গ্রামের শাহজাহান (৩৫)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. জিন্নাহ আনসারী বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের শাহ সুলতান সড়ক থেকে একটি তক্ষকসহ ওই দু’জন তক্ক বিক্রেতাকে আটক করা হয়।
জেলার পাহাড়ি এলাকা গুয়াতলা গ্রাম থেকে তক্ষকটি কিনে এ দু’জন কেন্দুয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. জিন্নাহ আনসারী ওই দু’জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতের আবেদন জানালে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.
bdnews24