২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের আগুনে পুড়ে মরলো গৃহবধূ

রাজশাহীর রাণীনগর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

রাজশাহী, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর রাণীনগর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে অগ্নিদগ্ধ অবস্থায় সাথী ইয়াসমিন নামে ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, সাথীর শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। সাথীর বড় বোন শাহনাজ জামান জানান, আট মাস আগে নগরীর রাণীনগর এলাকার মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম আরিফের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে সাথীর ওপর নির্যাতন চালাতে শুরু করে আরিফ। সাথীদের বাড়ি হেতেমখাঁ এলাকায়। তার বাবার নাম সাজ্জাদ আলী। মা হাসনা বানু বলেন, বুধবার দুপুরে যৌতুক হিসেবে মোটরসাইকেল নিয়ে আসার জন্য সাথীর ওপর নির্যাতন শুরু করে আরিফ ও তার বাড়ির লোকজন। নির্যাতনের এক পর্যায়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বোয়ালিয়া মডেল থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, “আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার খবর আমরা পেয়েছি। তবে এখনো কেউ থানায় মামলা নিয়ে আসেনি। তবে স্বামী আরিফকে ধরতে অভিযান শুরু হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০৯ ঘ.