২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলের প্রধান সমস্যা ভূমি: মজিনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা মনে করেন, ভূমি সমস্যাই পাবর্ত্য চট্টগ্রামের প্রধান সমস্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা মনে করেন, ভূমি সমস্যাই পাবর্ত্য চট্টগ্রামের প্রধান সমস্যা। তিনি বলেছেন, “১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলেই এর পরিপূর্ণ সমাধান সম্ভব।” মজিনা বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। চার দিন পার্বত্য চট্টগ্রাম সফর শেষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, পাবর্ত্য চট্টগ্রামের তিন জেলা সফরে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেছেন। “ভূমি সমস্যা প্রধান বলে তারা একমত পোষণ করেছেন।” তিনি বলেন, “১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তির আলোকে ভূমি সমস্যা সমাধানের উপায় বের করার চেষ্টা চলছে।” ১৯৯৭ সালে সম্পাদিত শান্তিচুক্তি বাস্তবায়নে ‘ভালই অগ্রগতি হচ্ছে’ উল্লেখ করে মজিনা এর পূর্ণ বাস্তবায়ন প্রত্যাশা করেন। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে ওই অঞ্চলের অধিবাসীদের দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে উত্তেজনা আগের চেয়ে কমেছে। উত্তেজনা কমে গেলে সামরিক উপস্থিতিও কমানো যেতে পারে।” গত চারদিনে পার্বত্য চট্টগ্রাম সফর করে বাংলাদশের একটি উজ্জ্বল ভবিষ্যত দেখছেন মন্তব্য করে ড্যান মজিনা বলেন, “সোনালী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক অস্থিতিশীলতা।” এ থেকে উত্তরণে সব রাজনৈতিক দলকে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে যা দরকার তা যেন তারা করেন। সমন্বিত ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সমাধানে পৌঁছানো উচিত বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। তার পার্বত্য চট্টগ্রাম সফরের জন্য পাহাড়ি জনতা, বাংলাদেশ সরকার ও সুশীল সমাজকে ধন্যবাদ জানান মজিনা। মার্কিন রাষ্ট্রদূত গত রোববার থেকে বুধবার পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পাশাপাশি ওইসব এলাকায় জেলা-উপজেলা স্থানীয় বাঙালি ও পাহাড়ি নেতা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯২৪ ঘ.