সাভার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বৈদ্যুতিক ট্রান্সফর্মার তৈরির একটি কারখানায় ডাকাতি হয়েছে।
বাজার রোডে ‘পাওয়ারব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডে’ মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে কারখানার মূল ফটকের সামনে থেকে অচেতন অবস্থায় নুরুল ইসলাম ও কামরুল হাসান নামে দুই নৈশ প্রহরীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাওয়ারব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র পরিচালক (কারিগরি) আশফাকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে তারা কারখানা বন্ধ করে চলে যান।
“সকালে ফরহাদ হোসেন নামে এক কর্মী কারখানায় ঢোকার সময় ফটক খোলা ও দুই নৈশ প্রহরীকে অচেতন পড়ে থাকতে দেখে পরিচালককে খবর দেন।”
তিনি আরো বলেন, ডাকাতরা কারখানার স্টোররুম থেকে ট্রান্সফর্মার তৈরির সরঞ্জামসহ ২টি কম্পিউটার, ১টি স্ক্যানার, ৪টি সিসি ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
লুটে নেওয়া মালামালের মূল্য ৩০ লক্ষাধিক টাকা বলে আশফাকুর দাবি করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই দুই নৈশ প্রহরীকে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ডাকাতি করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24