নেত্রকোনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদর উপজেলার একটি গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহতের স্বামীকে।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের হাছেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলেহা বেগম (৩৫)। অভিযুক্ত হাছেন আলীকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি আব্দুল করিম বলেন, পাঁচকাহনীয় গ্রামের রাজমিস্ত্রী হাছেন আলীর সঙ্গে আলেহা বেগমের পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
“মঙ্গলবার রাতে কোন এক সময় হাছেন আলী হাতুড়ি দিয়ে আলেহাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে আলেহা ঘটনাস্থলেই মারা যান। এসময় তাদের পাঁচ বছরের মেয়ে তাসলিমাকেও হাতুরি দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে পরে। ঘটনার পর হাছেন পালিয়ে যায়।”
পুলিশ জানায়, বুধবার সকালে আলেহার অপর সন্তান হীরা (৩) ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এসে আলেহাকে মৃত অবস্থায় পায়। পরে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে পুলিশ।
তাসলিমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের বোন মরিয়ম বেগম বাদি হয়ে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৪১ ঘ.
bdnews24