ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজার সৈকতে কাটা হবে ১২০০ মিটার দৈর্ঘ্যরে একটি কেক।
আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো দিন এই কেক কাটা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী ফারুক খান।
তিনি বলছেন, এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির কেক। এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বড় কেকের দৈর্ঘ্য ১১০০ মিটার।
মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কাটার আগে ‘লংগেস্ট কেক অন দ্য লংগেস্ট বিচ’র প্রচারও চালানো হবে।
দেশের পর্যটন খাতকে বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী জানান, কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী কোনো কিছু স্থাপন করতে জাপানের স্থপতি শিনজি কোগো কক্সবাজারে কয়েক দিন অবস্থান করে গেছেন। তিন-চার মাস পর তিনি আবার বাংলাদেশে আসবেন।
“আমি তাকে বলেছি কক্সবাজার সমুদ্র সৈকতে এমন কিছু করুন, যেন তা ইউনিক হয়। শুধু ওই স্থাপনা দেখতেই পর্যটকরা যেন বাংলাদেশে আসে,” বলেন তিনি।
আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, পর্যটকদের ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ বাড়ি (মোবাইল হোম) এবং ভালো মানের জাহাজও আমদানির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী আরো জানান, বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন বিষয় তুলে ধরতে আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভারতের ত্রিপুরায় রোড শো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫২৫ ঘ.
bdnews24