২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুসহ ৩১ জনের বিরুদ্ধে প্রায় ৪৭ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:44 AM

Updated : 25 Apr 2022, 09:12 PM

রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা মো রুহুল আমীন মঙ্গলবার সকালে তৃতীয় যুগ্ম জেলা জজ মো রহিবুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।

তার আইনজীবী মানস কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত অভিযোগ আমলে নিয়ে ২০ মে বিবাদীদের হাজির হতে বলেছে।”

রুহুল আমীন অভিযোগ করেছেন, রাজধানীর পান্থপথে তিনি এবং তার ভাইবোনদের মালিকানাধীন ৫১ শতাংশ জমি ১৭ বছর অবৈধভাবে দখলে রেখে ভোগ করেছেন মিন্টুসহ মামলার বিবাদীরা। তারা ওই জমির ওপর দোকান বসিয়ে ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে ভাড়া আদায় করেছেন, যা জামির আসল মালিকের প্রাপ্য ছিল।

মানস কুমার সরকার বলেন, তার মক্কেল সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেছেন।

মামলার অন্য বিবাদীরা হলেন- রুহুল আমীনের মা গুলশান বেগম, ভাই নিজাম উদ্দিন আহাম্মেদ, মো. হাসান খসরু, মো. হোসেন, বোন বিলকিস বেগম, আনকিস আজাদ ও আমিনা ইসলাম।

মিন্টু ছাড়া অপর বিবাদীরা হলেন- তেজকুনি পাড়ার সোনাবান বিবি, মো আবদুল মোতালেব, মো. আবদুল হামিদ, মো. আবদুল শহিদ, পূর্ব মনিপুরের মো. আনজু মিয়া, মোসাম্মৎ আজিদা বেগম, মো. সিরাজুল ইসলাম, মোসাম্মৎ তাহেরা বেগম, ফ্রি স্কুল স্ট্রিটের মের্সাস এন এফ এম ইউনিভার্সিয়াম এস্টেট লিমিটেড, দক্ষিণ কাফরুলের আয়শা খাতুন, সুফিয়া খাতুন, রহিমা খাতুন, রাজিয়া খাতুন, হালিমা বেগম, রোকেয়া বেগম, ফরিদা ইয়াসমিন, দেলোয়ার হোসেন, জমিলা খাতুন, ইমাম উদ্দিন, মনোয়ারা বেগম, নুরুল ইসলাম, খোরশেদুল ইসলাম, মো. মোস্তফা, নূরুন নাহার বেগম, কামরুন নাহার বেগম, আবদুল মতলব, আবদুল মজিদ, জোহরা খাতুন, আয়শা খাতুন, সাহারা খাতুন এবং ইন্দিরা রোডের আলাউদ্দিন খান।

বাদীর আইনজীবী মানস কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদীর সম্পত্তির দলিল জাল করার অভিযোগে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা রয়েছে।”

এ বিষয়ে কথা বলার জন্য আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে রয়েছেন।