চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় ঘণ্টা আটকে রাখার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের চালককে ছেড়ে দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
পরে শাটল ট্রেনের চালককে আটকে রাখা এবং শিক্ষক বাস অকেজো করার ঘটনায় ক্যম্পাস থেকে ১০ শিবিরকর্মীকে আটক করে পুলিশ। সোমবার দুপুরের পর ক্যাম্পাসের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের চালক ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ঝাউতলা স্টেশনে পিটিয়ে ট্রেন আটকে দেয় শিবিরকর্মীরা।
তারা ট্রেনের চালক গোপাল চন্দ্র দাশকে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দুপুর পৌনে ২টার দিকে তিনি ছাড়া পান।
হাটহাজারী থানার উপ-পরির্দর্শক মো. মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চবি ক্যাম্পাসে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ১০ জন শিবিরকর্মীকে আটক করা হয়।
এরা হলেন- পদার্থবিদ্যা বিভাগের চতুর্র্থ বর্ষের আহমেদ জাজিস, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের আনোয়ার হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের মোজাম্মেল হক, একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের জুলফিকার আলী, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের রাজিবুল ইসলাম, আতিকুর রহমান ও জিয়াদুল ইসলাম, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মো. ইউসূফ, উদ্ভিদবিদ্যার চতুর্থ বর্ষের হোসেন সরওয়ার্দী, সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের হাফিজ উল্লাহ।
সকালে পরিবহন দপ্তরের গ্যারেজে সাতটি শিক্ষক বাসের চাকা কেটে অচল করে শিবিরকর্মীরা।
ছাড়া পাওয়ার পর গোপাল চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝাউতলা স্টেশনে পৌঁছানোর পরপরই ৫০-৬০ জন যুবক ইঞ্জিনে উঠে পড়ে এবং তারা তাকে মারধর করে নামিয়ে নিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয়।
তিনি বলেন, “নগরীর খুলশী থানার গরিবউল্লাহ শাহ মাজার এলাকায় গিয়ে আমার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে তারা। তখন মোবাইল ও মানিব্যাগ নিয়ে নেয়। এরপর আরো আধা ঘণ্টা গাড়িটি চলার পর এক অজ্ঞাত স্থানে নিয়ে আমার চোখের বাঁধন খুলে দেওয়া হয়।
“এরপর সেখানে একটি ভবনের চার তলায় আমাকে আটকে রাখা হয় এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলাকালীন সময়ে ট্রেন চালানোর কারণ জানতে চায়।”
গোপাল চন্দ্র জানান, ধর্মঘটে শাটল ট্রেন না চালাতে বলে আটককারীরা চালকের চোখ পুনরায় বেঁধে দিয়ে কিছুক্ষণ মাইক্রোবাসে যেয়ে পরে সিএনজি অটোরিকশায় তুলে দেয়
মোবাইল ফোন ও মানিব্যাগটি তারা ফেরত দিয়ে দিয়েছে বলে জানান তিনি।
“যারা আমাকে আটকে রেখেছিল তারা তাদের পরিচয় না দিলেও আমি বুঝতে পেরেছি তারা সবাই ছাত্রশিবিরের নেতাকর্মী,” বলেন গোপাল।
ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় ৩৮ দিন বন্ধ থাকার গত ১৮ মার্চ খুলে দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ওইদিন থেকেই ধর্মঘট চালিয়ে আসছে ইসলামী ছাত্র শিবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/২০৫০ ঘ.
bdnews24