গাজীপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কালিয়াকৈরে বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ও কারখানা ভাঙচুর করেছে শ্রমিকরা।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় মো. জহিরুল ইসলাম (২৬) নামে ওই পোশাক শ্রমিক নিহত হন।
তিনি স্থানীয় সেজাদ ডিজাইন ওয়্যার লিমিটেড কারখানার নিটিং অপারেটর ছিলেন।
কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম জানান, কারখানার সামনে মহাসড়কে ঢাকাগামী উত্তর বঙ্গের পিংকি পরিবহনের একটি বাস জহিরুলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই শ্রমিকের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় দেড়হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেয়। পরে আশপাশের আরো ৫-৬টি কারখানার শ্রমিক তাদের সঙ্গে যোগ দেয়।
এ সময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুরের পাশাপাশি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি কারখানায় ইটপাটকেলও ছুড়েছে তারা।
ওসি রবিউল বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া দিলে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, দুপুরে আহত শ্রমিকের মৃত্যুর খবর এলে শ্রমিকরা আবারো সড়কে নেমে আসেন। অবশ্য পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯১২ ঘ.
bdnews24